জাতীয়

বছরের প্রথম ১০ দিনেই এলো ১১২ কোটি ডলারের রেমিট্যান্স

ঢাকা, ১২ জানুয়ারি – নতুন বছরের প্রথম মাসের ১০ দিনেই প্রবাসী আয় এসেছে ১১২ কোটি ডলারের বেশি। এই ধারা অব্যাহত থাকলে জানুয়ারি শেষে রেমিট্যান্স আবারও ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, জানুয়ারির প্রথম ১০ দিনে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা মোট ১১২ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ ১৩ হাজার ৭৪৯ কোটি টাকার বেশি। গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স এসেছে ৪১ কোটি ডলার বেশি। ২০২৫ সালের জানুয়ারির প্রথম ১০ দিনে যেখানে এসেছিল ৭১ কোটি ৭০ লাখ ডলার।

বাংলাদেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড রয়েছে ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে। ঈদকে কেন্দ্র করে সে সময় দেশে আসে ৩২৯ কোটি ডলার (৩ দশমিক ২৯ বিলিয়ন)। দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আসে গত বছরের মে মাসে—২৯৭ কোটি ডলার।

তবে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ে সদ্য বিদায়ী ডিসেম্বর মাস। বিজয়ের মাসে দেশে এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা টাকায় প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল—

জুলাই: ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার

আগস্ট: ২৪২ কোটি ১৯ লাখ ডলার

সেপ্টেম্বর: ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার

অক্টোবর: ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার

নভেম্বর: ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার

ডিসেম্বর: ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।

এনএন/ ১২ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language