ক্রিকেট

বিপিএলে নোয়াখালীর জার্সিতে ইতিহাস, একসঙ্গে খেলছেন মোহাম্মদ নবী ও ছেলে হাসান

সিলেট, ১১ জানুয়ারি – আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে একে অপরের বিপক্ষে খেললেও কখনোই একই দলের হয়ে মাঠে নামা হয়নি মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইসাখিলের। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। নোয়াখালী এক্সপ্রেসের হয়ে একসঙ্গে মাঠে নেমে ইতিহাস গড়েছেন এই বাবা-ছেলে জুটি।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে প্রথমবার একই দলে বাবা ও ছেলের একসঙ্গে খেলার নজির গড়েছে নোয়াখালী এক্সপ্রেস। তাদের একাদশে রেখে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে বিপিএলের নবাগত ফ্র্যাঞ্চাইজিটি।

এবারের বিপিএল নিলামের বাইরে সরাসরি চুক্তিতে মোহাম্মদ নবী ও হাসান ইসাখিলকে দলে নেয় নোয়াখালী। শুরু থেকেই ক্রিকেটপ্রেমীরা এই বাপ-বেটার একসঙ্গে খেলার অপেক্ষায় ছিলেন। তবে একের পর এক ম্যাচ খেললেও এতদিন দুজনকে একাদশে একসঙ্গে দেখা যায়নি।

অবশেষে দলের অষ্টম ম্যাচে দুজনকেই একাদশে রেখেছে নোয়াখালী এক্সপ্রেস।

বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামে নোয়াখালী। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক হায়দার আলী। সৌম্য সরকারের সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন হাসান ইসাখিল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ৬০ রান সংগ্রহ করেছে নোয়াখালী এক্সপ্রেস। হাসান ইসাখিল ২৮ রানে অপরাজিত ছিলেন।

এনএন/ ১১ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language