জাতীয়

আমিরাতে দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা, ফেরত পাঠানো হয়েছে দেশে

ঢাকা, ১১ জানুয়ারি – জুলাই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে কর্মসূচি পালনের দায়ে দণ্ডিত ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে তাদের সবাইকে মুক্তি দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে ইউএই প্রেসিডেন্ট মানবিক বিবেচনায় ওই বাংলাদেশিদের ক্ষমা করার সিদ্ধান্ত নেন। তারা ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে চলমান আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে কর্মসূচি পালন করেছিলেন। এ কারণে দেশটির আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করে বিচার শেষে দণ্ড দেওয়া হয়।

ক্ষমার আদেশের পর ২৫ জন বাংলাদেশিকেই মুক্তি দিয়ে নিরাপদে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

দূতাবাস জানায়, এই মানবিক উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের করুণা, সহনশীলতা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। একই সঙ্গে এটি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান গভীর ও ভ্রাতৃসুলভ সম্পর্কেরও পরিচায়ক।

উল্লেখ্য, এর আগেও আমিরাতে বিভিন্ন প্রতিবাদে অংশ নেওয়ার দায়ে দণ্ডিত বাংলাদেশিদের কয়েক দফায় ক্ষমা করা হয়েছিল।

এনএন/ ১১ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language