চলতি বছরের হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল, এজেন্সি ও এয়ারলাইন্সকে কঠোর নির্দেশনা

ঢাকা, ১১ জানুয়ারি – চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল। এ উপলক্ষ্যে হজ এজেন্সি ও হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
রোববার (১১ জানুয়ারি) এ বিষয়ে হজ এজেন্সি মালিকদের পাশাপাশি হজযাত্রী পরিবহনকারী তিনটি এয়ারলাইন্সের কাছে চিঠি পাঠানো হয়।
চিঠিতে জানানো হয়, হিজরি ১৪৪৭/২০২৬ সালের হজযাত্রীদের প্রি-হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, একই সার্ভিস কোম্পানির আওতাভুক্ত হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে।
এ ছাড়া ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ অনুযায়ী প্রত্যেক হজ এজেন্সির মোট হজযাত্রীর অন্তত ২০ শতাংশকে প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে এবং প্রথম ও শেষ পর্যায়ে অবশিষ্ট হজযাত্রীর ৩০ থেকে ৫০ শতাংশকে সৌদি আরবে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে কোনো এজেন্সির ক্ষেত্রে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম কিংবা ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না বলে স্পষ্টভাবে উল্লেখ করেছে মন্ত্রণালয়।
এই অবস্থায় নির্ধারিত নির্দেশনা অনুযায়ী ফ্লাইট ব্যবস্থাপনা ও টিকিট ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
এনএন/ ১১ জানুয়ারি ২০২৬









