আইন-আদালত

কর ফাঁকির মামলায় ১৮ বছর পর খালাস পেলেন বিএনপি নেতা দুলু

ঢাকা, ১১ জানুয়ারি – ১৮ বছর আগে আয়কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা মামলায় খালাস পেয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

রোববার (১১ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি দুলু আদালতে উপস্থিত ছিলেন।

দুলুর আইনজীবী অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন জানান, মামলাটি ছিল হয়রানিমূলক। এনবিআরের চারজন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা শেষে আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুলুকে খালাস দেন।

উল্লেখ্য, ২০০৮ সালের ৩ আগস্ট এনবিআরের সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ বাদী হয়ে দুলুর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ১৯৮৩ সাল থেকে বিভিন্ন সময়ে অর্জিত মোট ২ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৫০১ টাকার আয়ের বিপরীতে প্রায় ১০ লাখ টাকা আয়কর ফাঁকি দেওয়া হয়েছে। পাশাপাশি প্রকৃত আয় ও ব্যয়ের তথ্য গোপন করে আয়কর বিভাগে ভুল বিবরণী দাখিলের অভিযোগও আনা হয়।

এনএন/ ১১ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language