সিরাজগঞ্জে সাংবাদিক শরীফুল ইসলামের বাড়িতে পেট্রল বোমা হামলা

সিরাজগঞ্জ, ১১ জানুয়ারি – সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভি এবং দৈনিক আমার দেশ-এর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের এসবি ফজলুল হক রোডে তার নিজ বাসভবনে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি মোটরসাইকেলে করে তিনজন যুবক এসে ইন্নার বাড়ির সামনে পরপর দুটি পেট্রল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণে বাড়িতে আগুন ধরে গেলে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কেউ হতাহত হয়নি।
ঘটনার পর পুলিশ সুপারকে অবহিত করা হলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এবং জেলা গোয়েন্দা শাখার ওসি আবু সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এনএন/ ১১ জানুয়ারি ২০২৬









