আইন-আদালত

জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ

ঢাকা, ১১ জানুয়ারি – জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয় ও সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হবে।

রোববার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানি হবে।

শুনানির শুরুতে প্রসিকিউশন তাদের যুক্তি উপস্থাপন করবে। পরে আসামিপক্ষের বক্তব্য শোনার কথা রয়েছে। তবে পলকের আইনজীবী লিটন আহমেদ আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত সময় চেয়ে আবেদন করেছেন, যা গত ৭ জানুয়ারি দাখিল করা হয়। অন্যদিকে পলাতক সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করবেন মনজুর আলম।

এর আগে ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনাল রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিলেও সংশ্লিষ্ট চিঠি ইস্যু না হওয়ায় নির্ধারিত দিনে শুনানি হয়নি। ফলে আজকের দিন ধার্য করা হয়।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) আমলে নেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে ১০ ডিসেম্বর সজীব ওয়াজেদ জয়কে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা হিসেবে সজীব ওয়াজেদ জয় এবং দেশে অবস্থান করে পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে জুনায়েদ আহমেদ পলক ২০২৪ সালের জুলাই-আগস্টে ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যার তথ্য আড়াল ও উসকানিতে জড়িত ছিলেন। এ অভিযোগে তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়।

এনএন/ ১১ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language