জাতীয়

ঢাকায় দিনের তাপমাত্রা কমার সম্ভাবনা, আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন

ঢাকা, ১১ জানুয়ারি – রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। পাশাপাশি আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে।

রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং উত্তর-পশ্চিম বা উত্তর দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৪ মিনিটে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা এবং রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে।

এ ছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এনএন/ ১১ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language