শাহজালালের মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

ঢাকা, ১১ জানুয়ারি – বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট সফরের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়েই এ প্রচারণার সূচনা হবে।
শনিবার (১০ জানুয়ারি) বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে ঢাকায় সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন, সামনে নির্বাচন। একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে ২২ জানুয়ারি থেকে দলীয় পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, আগামী ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। প্রচারণার অংশ হিসেবে সিলেট থেকে ঢাকায় ফেরার পথে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলসহ বিভিন্ন এলাকায় পথসভা ও জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান।
উল্লেখ্য, অতীতের ধারাবাহিকতা অনুযায়ী বিএনপি ঐতিহ্যগতভাবে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করে থাকে।
এনএন/ ১১ জানুয়ারি ২০২৬









