আপিল শুনানির প্রথম দিনে বৈধতা পেলেন ৫১ প্রার্থী, বাতিল ১৫

ঢাকা, ১০ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের প্রথম দিনের শুনানিতে ৫১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ১৬ জনের প্রার্থিতা বাতিল এবং তিনজনের আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এ শুনানি অনুষ্ঠিত হয়।
ইসি সূত্র জানায়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন। প্রথম দিনে মোট ৭০টি আপিল আবেদনের শুনানি হয়। এর মধ্যে ৫১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়, ১৬ জনের আবেদন নামঞ্জুর করা হয় এবং তিনজনকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে। এসব বিষয়ে পরে পুনরায় শুনানি করা হবে।
এর আগে মনোনয়নপত্র বাছাই শেষে গত ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি শেষ হয়।
শনিবার সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হয়েছে, যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।
শুনানির সময়সূচি অনুযায়ী, রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
এনএন/ ১০ জানুয়ারি ২০২৬









