জাতীয়

নির্বাচন সামনে রেখে আলাদা নির্বাচনী অফিস খুলল বিএনপি

ঢাকা, ১০ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য পৃথক একটি নির্বাচন অফিস উদ্বোধন করেছে বিএনপি।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি নম্বর বাড়িতে ফিতা কেটে অফিসটির উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য নেতারা।

অফিস উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি যে নির্বাচনী স্টিয়ারিং কমিটি গঠন করেছে, তার সব কার্যক্রম এই অফিস থেকেই পরিচালিত হবে।

তিনি আরও বলেন, নির্বাচনী কার্যক্রমকে আরও কার্যকর ও সুসংগঠিত করতে অফিসটিতে একটি কল সেন্টারও চালু করা হয়েছে। ‘জাতীয় নির্বাচন পরিচালনা করা একটি জটিল ও দুরূহ প্রক্রিয়া। সেই কাজকে সহজ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতেই এই আলাদা নির্বাচন অফিস স্থাপন করা হয়েছে,’—বলেন রিজভী।

এনএন/ ১০ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language