বাংলাদেশিদের বি১ ভিসা বন্ড শিথিলের ইঙ্গিত দিল যুক্তরাষ্ট্র

ঢাকা, ১০ জানুয়ারি – বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য যুক্তরাষ্ট্রের বি–১ ভিসা বন্ড সংক্রান্ত বর্তমান কঠোর শর্ত শিথিল করার ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন। সফররত বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে আশাবাদী বার্তা দেন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার।
বৈঠকে অ্যালিসন হুকার বলেন, ভবিষ্যতে বাংলাদেশি পর্যটক ও ভিসাধারীদের অতিরিক্ত সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের হার কমে এলে ভিসা বন্ডের শর্তগুলো ইতিবাচকভাবে পুনর্বিবেচনা করা হবে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বৈঠকে সম্প্রতি প্রবর্তিত ভিসা বন্ডের কারণে বাংলাদেশি ব্যবসায়ীদের স্বল্পমেয়াদি সফরে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, তা তুলে ধরেন। তিনি বিশেষ করে স্বল্পমেয়াদি ব্যবসায়িক ভ্রমণের ক্ষেত্রে বি–১ ভিসা বন্ড থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান।
এর জবাবে মার্কিন আন্ডার সেক্রেটারি বলেন, অনিবন্ধিত বাংলাদেশিদের প্রত্যাবর্তনে ঢাকা যে সহযোগিতা করছে, তা যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে দেখছে। এই সহযোগিতামূলক ধারা অব্যাহত থাকলে ভিসা বন্ডের শর্ত শিথিল করার পথ আরও সুগম হবে বলে তিনি মন্তব্য করেন।
ভিসা ইস্যুর পাশাপাশি বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেন অ্যালিসন হুকার। তিনি বলেন, ওয়াশিংটন আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের এই গুরুত্বপূর্ণ সময়ে যুক্তরাষ্ট্র তার দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে বলেও তিনি আশ্বাস দেন।
এছাড়া দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে কৃষিপণ্য আমদানি বৃদ্ধি এবং সেমিকন্ডাক্টর খাতে মার্কিন অর্থায়ন নিয়ে আলোচনা হয়। খলিলুর রহমান বাংলাদেশের বেসরকারি খাতের জন্য যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের সুযোগ প্রদানের অনুরোধ জানান। এ বিষয়ে মার্কিন পক্ষ ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেয়।
বৈঠকে আরও আলোচিত হয় গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ এবং রোহিঙ্গা সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের দাতা সহায়তা অব্যাহত রাখার বিষয়টি।
এনএন/ ১০ জানুয়ারি ২০২৬









