আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেলেন ডা. তাসনিম জারা

ঢাকা, ১০ জানুয়ারি – আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. তাসনিম জারা। রিটার্নিং কর্মকর্তার বাতিল করা মনোনয়ন নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে ফিরে পেয়েছেন তিনি।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩ জানুয়ারি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। পরে তিনি ৫ জানুয়ারি বিকেলে নির্বাচন কমিশনে আপিল আবেদন জমা দেন। ৯ জানুয়ারি পর্যন্ত আপিল দাখিলের সময়সীমা ছিল।
শনিবার সকাল ১০টা থেকে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ আপিল শুনানি শুরু হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা-২-এর সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
আপিল শুনানির সময়সূচি
* ১০ জানুয়ারি: আপিল নম্বর ০১–৭০
* ১১ জানুয়ারি: ৭১–১৪০
* ১২ জানুয়ারি: ১৪১–২১০
* ১৩ জানুয়ারি: ২১১–২৮০
* ১৪ জানুয়ারি: ২৮১–৩৫০
* ১৫ জানুয়ারি: ৩৫১–৪২০
* ১৬ জানুয়ারি: ৪২১–৪৯০
* ১৭ জানুয়ারি: ৪৯১–৫৬০
* ১৮ জানুয়ারি: ৫৬১ থেকে অবশিষ্ট সব আপিলের শুনানি
রায়ের অনুলিপি বিতরণ
শুনানি শেষে আপিলের ফলাফল নির্বাচন কমিশনের মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্টদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। পাশাপাশি নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকেও রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে।
ইসি সূত্র জানায়, ০–১২ জানুয়ারির শুনানির রায় বিতরণ হবে ১২ জানুয়ারি, ১৩–১৫ জানুয়ারির রায় বিতরণ হবে ১৫ জানুয়ারি, এবং ১৬–১৮ জানুয়ারির রায় বিতরণ করা হবে ৮ জানুয়ারি।
এনএন/ ১০ জানুয়ারি ২০২৬









