মধ্যপ্রাচ্য

তেহরানে এক রাতেই ২০০ বিক্ষোভকারী নিহত

তেহরান, ১০ জানুয়ারি – ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে শুধুমাত্র রাজধানী তেহরানেই এক রাতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন।

সাময়িকীটি শুক্রবার (৯ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, নাম প্রকাশ না করার শর্তে তেহরানের এক চিকিৎসকের বরাতে তারা এই তথ্য পেয়েছে। ওই চিকিৎসকের দাবি, তেহরানের ছয়টি হাসপাতালে অন্তত ২০৬ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে। নিহতদের অধিকাংশই গুলিতে প্রাণ হারিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে রাজধানীতে আন্দোলন তীব্র আকার ধারণ করে। এ সময় বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠলে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলিবর্ষণ শুরু করে। এর ফলেই বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।

টাইম ম্যাগাজিন বলছে, যদি এই মৃত্যুর সংখ্যা নিশ্চিত হয়, তাহলে এটি বিক্ষোভ দমনে ইরান সরকারের কঠোর অবস্থানের স্পষ্ট ইঙ্গিত দেয়। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সতর্কবার্তাকেও উপেক্ষা করার শামিল হবে। ট্রাম্প এর আগে হুমকি দিয়েছিলেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের হত্যা করে, তাহলে খামেনি সরকারকে ‘চড়া মূল্য’ দিতে হবে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই আন্দোলন ইতোমধ্যে দেশের অন্তত ৩১টি শহরে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতের সহিংসতার পর শুক্রবার রাতেও তেহরানসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন।

ওই চিকিৎসক টাইম ম্যাগাজিনকে জানান, শুক্রবার হাসপাতালগুলো থেকে নিহতদের মরদেহ সরিয়ে নেওয়া হয়। তিনি আরও দাবি করেন, উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে মেশিনগান থেকে ব্রাশফায়ার করা হয়। ওই ঘটনায় অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হন। নিহতদের বেশিরভাগই তরুণ বলে জানান তিনি।

তবে হতাহতের এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে জানিয়েছে টাইম ম্যাগাজিন।

এনএন/ ১০ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language