জাতীয়

গণভোটে দল-মত ভুলে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

ঢাকা, ১০ জানুয়ারি – গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ নিশ্চিত করা—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দল-মত নির্বিশেষে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৯ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান জামায়াত আমির।

পোস্টে দেশবাসীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে ডা. শফিকুর রহমান বলেন, দেশ আজ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। গণভোট মানে জনগণের সরাসরি মতামত প্রকাশ এবং জনগণ নিয়ন্ত্রিত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ। এই গণভোটের মাধ্যমে অন্যায়, জুলুম ও স্বৈরাচারের বিপরীতে ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন,
‘হ্যাঁ’ ভোট মানে পরিবর্তনের পক্ষে অবস্থান,
‘হ্যাঁ’ ভোট মানে জুলাই সনদের পক্ষে অবস্থান,
‘হ্যাঁ’ ভোট মানে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাওয়া,
এবং ‘হ্যাঁ’ ভোট মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ নিশ্চিত করা।

শেষে তিনি বলেন, আসুন দল-মত নির্বিশেষে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সবাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করি। একটি ভোটই হতে পারে সত্য ও ন্যায়ের বিজয়ের প্রধান হাতিয়ার।

এনএন/ ১০ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language