জাতীয়

ইসির অনুরোধে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

ঢাকা, ১০ জানুয়ারি – নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পূর্বনির্ধারিত উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (৯ জানুয়ারি) রাতে এ তথ্য জানান। আগামী ১১ জানুয়ারি সফরটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে ১১ জানুয়ারির তারেক রহমানের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করা হয়েছে।’

তিনি আরও জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর ফলে দলের চেয়ারম্যান পদ শূন্য হয়। এ প্রেক্ষাপটে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। গঠনতন্ত্র অনুযায়ী তিনি দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বলে সভায় সন্তোষ প্রকাশ করা হয়।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে বিপুল মানুষের উপস্থিতির জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি।

নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। এ সময় তিনি জানান, ওসমান হাদি ও বিএনপির কয়েকজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং কয়েকদিন আগে মুসাব্বির হত্যার ঘটনাও ঘটেছে। এসব হত্যাকাণ্ডের জন্য দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘এ ধরনের সহিংসতা চলতে থাকলে নির্বাচনের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সরকারকে এ বিষয়ে কার্যকর ভূমিকা নিতে হবে।’

রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

এনএন/ ১০ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language