দক্ষিণ এশিয়া

পাকিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্প, ইসলামাবাদসহ সারা দেশে কম্পন

ইসলামাবাদ, ০৯ জানুয়ারি – পাকিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রাজধানী ইসলামাবাদ ও গুরুত্বপূর্ণ শহর রাওয়ালপিন্ডিসহ দেশের বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে।

বৃহস্পতিবার (স্থানীয় সময়) রাত ২টার দিকে ভূমিকম্পটি ঘটে বলে জানিয়েছে দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি)। সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তান ও চীনের সীমান্তবর্তী এলাকায়, ভূপৃষ্ঠের প্রায় ১৫৯ কিলোমিটার গভীরে। এপিসেন্টার ও পার্শ্ববর্তী অঞ্চলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১।

এনএসএমসি জানায়, ভূমিকম্পের পর ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, সোয়াত, শাংলা, বুনেরসহ বিভিন্ন শহরের বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত দেশের কোনো স্থান থেকে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত বছরের ২১ অক্টোবর পাকিস্তানে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যা ইসলামাবাদ, খাইবার পাখতুনখোয়া ও আজাদ জম্মু-কাশ্মির এলাকায় কাঁপন সৃষ্টি করেছিল। এছাড়া ওই ভূমিকম্পের মাত্র চার দিন আগে দেশটিতে ৫ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিল, যার উৎপত্তিস্থল ছিল খাইবার পাখতুনখোয়া প্রদেশে।

এনএন/ ০৯ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language