প্রার্থিতা ফিরে পেতে শেষ দিনে ইসিতে ১৩১ প্রার্থীর আপিল

ঢাকা, ০৯ জানুয়ারি – রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) শেষ দিনেও উপচে পড়া ভিড় দেখা গেছে। নির্ধারিত সময় বিকেল ৫টা পেরিয়ে গেলেও সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে স্থাপিত কেন্দ্রীয় আপিল বুথে আবেদন গ্রহণ করা হয়। শেষ দিনে মোট ১৩১ জন মনোনয়নপ্রার্থী ইসিতে আপিল করেছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় আপিল বুথে এই আবেদনগুলো জমা পড়ে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিকেল ৫টার আগেই যারা নির্বাচন ভবনে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে। এ কারণেই নির্ধারিত সময়ের পরও আবেদন গ্রহণ কার্যক্রম চালু রাখা হয়।
ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, বিকেল ৫টা পর্যন্ত যারা উপস্থিত ছিলেন, তাদের সকলের আপিল গ্রহণ করা হবে—যত সময়ই লাগুক না কেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, গত চার দিনে রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সর্বোচ্চ ১৭৪টি আপিল করা হয়। ওই দিন মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ১৬৪টি এবং মনোনয়নপত্র গ্রহণের আদেশের বিরুদ্ধে ১০টি আপিল দায়ের করা হয়।
সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল গ্রহণের সময় ছিল ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। এসব আপিলের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) অনুষ্ঠিত হবে। প্রতিদিন গড়ে প্রায় ৭০টি করে আপিলের শুনানি নেওয়ার পরিকল্পনা রয়েছে।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এনএন/ ০৯ জানুয়ারি ২০২৬









