ভেনেজুয়েলার পর এবার মেক্সিকোতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

ওয়াশিংটন, ০৯ জানুয়ারি – ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মেক্সিকোতে হামলার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই হুমকি দেন।
সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ‘সমুদ্রপথে আসা মাদকের ৯৭ শতাংশ আমরা বন্ধ করে দিয়েছি। এবার স্থলভাগে মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে আঘাত হানার সময় এসেছে।’ তার ভাষায়, মেক্সিকো কার্যত মাদক কার্টেলদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে সম্ভাব্য হামলার সময়সূচি বা কৌশল সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। গত বছরের সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগরে একাধিক নৌযানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এসব অভিযানে শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। যদিও যুক্তরাষ্ট্রের দাবি, এসব নৌযান মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল, তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো দৃশ্যমান প্রমাণ উপস্থাপন করা হয়নি।
ট্রাম্পের এই হুমকির জবাবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম স্পষ্ট ভাষায় বলেন, ‘এমন কিছু ঘটবে না।’ তিনি মেক্সিকোর সার্বভৌমত্ব ও নিজস্বভাবে দেশ পরিচালনার অধিকারের ওপর জোর দেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক মাদক পাচার রোধে গত সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ও মেক্সিকো যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছিল। তবে সর্বশেষ বক্তব্যে ট্রাম্প একতরফাভাবে মেক্সিকান ভূখণ্ডে হামলার ইঙ্গিত দেওয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
এনএন/ ০৯ জানুয়ারি ২০২৬









