মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা নামল ৬.৮ ডিগ্রিতে

পঞ্চগড়, ০৯ জানুয়ারি – পঞ্চগড়ে ফের মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। সকাল-সন্ধ্যা ঘন কুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাসে জেলায় শীতের তীব্রতা বেড়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি এবং সর্বোচ্চ (দিনের) তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সপ্তাহজুড়ে টানা মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের কারণে দিনভর আকাশ কুয়াশাচ্ছন্ন থাকছে। দুপুরের দিকে অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললেও তাপ ছড়ানোর আগেই আবার কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে এলাকা। হালকা কুয়াশার সঙ্গে হিমশীতল বাতাসে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। রাতের বেলায় বৃষ্টির মতো টিপটিপ করে কুয়াশা ঝরছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।
কুয়াশার কারণে সকাল ১১টা পর্যন্ত সড়ক ও মহাসড়কে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। শুক্রবার সকালে জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
এনএন/ ০৯ জানুয়ারি ২০২৬









