কুমিল্লা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, নিহত ২

কুমিল্লা, ০৯ জানুয়ারি – ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জের তুরনিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে একজন হলেন ফেনীর ফুলগাজী থানার উত্তর আনন্দপুর দুলা মিয়া মজুমদার বাড়ির মজিবুল হক মজুমদারের ছেলে সাইদুল হক মজুমদার (৩৪)। অন্যজন নোয়াখালী কোম্পানীগঞ্জ থানার চরফকিরা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে মো. আরমান হোসেন (১৬)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্যমতে, ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি বাস তুরনিপাড়া ইউটার্নে এসে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে বিপরীতমুখী লেনে পড়ে। তখন ঢাকা অভিমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

ঘটনাস্থলে থাকা উপ-পরিদর্শক মো. ফজলুর রহমান জানান, দুর্ঘটনায় বাসের দুজন যাত্রী মারা যান। তারা দুজনই পুরুষ হলেও শুরুতে তাদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজট তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে।

এনএন/ ০৯ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language