ব্যবসা

ভরিতে ১ হাজার ৫০ টাকা কমলো সোনার দাম

ঢাকা, ০৮ জানুয়ারি – দেশের বাজারে সোনার দাম আরও এক দফা কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ঠিক করেছে ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে দাম কমানোর তথ্য জানায়। নতুন এই দাম শুক্রবার (৯ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার দাম নতুন করে নির্ধারণ করা হয়েছে।

নতুন দামের হিসাবে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকায়। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকা।

বাজুস আরও জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

এর আগে সবশেষ ৫ জানুয়ারি দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে একসঙ্গে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।

এনএন/ ০৮ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language