জাতীয়

ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৩৩ দেশ ও সংস্থাকে আমন্ত্রণ ইসির

ঢাকা, ০৮ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বিশ্বের ২৬টি দেশ ও ৭টি আন্তর্জাতিক সংস্থার নির্বাচনী প্রধানদের আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব দেশ ও সংস্থা থেকে মোট ৮৩ জন পর্যবেক্ষককে দাওয়াত দেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।

ইসি সূত্র জানায়, নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত বিদেশি পর্যবেক্ষকদের আবাসন ও খাবারের সব ব্যয় নির্বাচন কমিশন বহন করবে।

আমন্ত্রিত দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা, ফ্রান্স, রাশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তুরস্ক, জর্ডান, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকাসহ কাজাখস্তান, উজবেকিস্তান, জর্জিয়া, রোমানিয়া, মালয়েশিয়া ও মঙ্গোলিয়া।

আন্তর্জাতিক সংস্থার মধ্যে আমন্ত্রণ পেয়েছে সার্ক, কমনওয়েলথ, ওআইসি, এনডিআই, আইআরআই, আনফ্রেল ও এ-ওয়েব। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মহাসচিব ও শীর্ষ প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেবেন।

ইসি জানায়, অতীতের নির্বাচনগুলোর তুলনায় এবার আগেভাগেই আন্তর্জাতিক সম্প্রদায়কে আমন্ত্রণ জানানো হয়েছে, যাতে নির্বাচন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আস্থা তৈরি হয়। এর আগে দ্বাদশ সংসদ নির্বাচনে ৫১৭ জন বিদেশি ও ২০ হাজারের বেশি দেশি পর্যবেক্ষক অংশ নিয়েছিলেন।

উল্লেখ্য, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক না পাঠালেও, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার আন্তর্জাতিক পর্যবেক্ষণ জোরদার করতে চায় নির্বাচন কমিশন।

এনএন/ ০৮ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language