ইউরোপ

বিশ্বব্যবস্থা ভাঙছে যুক্তরাষ্ট্র, সতর্ক করলেন জার্মান প্রেসিডেন্ট

বার্লিন, ০৮ জানুয়ারি – জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমেয়ার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, বিশ্ব যেন এমন এক “ডাকাতের আখড়ায়” পরিণত না হয়, যেখানে শক্তিধর ও নির্লজ্জরা যা খুশি দখল করে নিতে পারে।

বুধবার (৭ জানুয়ারি) এক সিম্পোজিয়ামে দেওয়া বক্তব্যে স্টাইনমেয়ার বলেন, সাম্প্রতিক সময়ে বৈশ্বিক গণতন্ত্র ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। তার বক্তব্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর সাম্প্রতিক ঘটনাসহ আন্তর্জাতিক রাজনীতির নানা প্রেক্ষাপটের ইঙ্গিত পাওয়া যায়।

তিনি বলেন, রাশিয়ার ক্রিমিয়া দখল ও ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন ছিল বিশ্ব রাজনীতির একটি ঐতিহাসিক মোড়। তবে এখন যুক্তরাষ্ট্রের আচরণ বিশ্বব্যবস্থায় দ্বিতীয় বড় ধরনের ভাঙন সৃষ্টি করছে।

স্টাইনমেয়ার বলেন, “যে যুক্তরাষ্ট্র এই বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তারাই এখন সেই মূল্যবোধ ভেঙে ফেলছে।”

তিনি আরও সতর্ক করে বলেন, বিশ্ব যেন এমন জায়গায় রূপ না নেয়, যেখানে সবচেয়ে শক্তিশালীরা যা ইচ্ছা তা দখল করে নেয় বা দেশগুলো কয়েকটি বড় শক্তির সম্পত্তি হিসেবে বিবেচিত হয়—এটি ঠেকানোই এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রধান চ্যালেঞ্জ।

জার্মান প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, বর্তমান হুমকিপূর্ণ পরিস্থিতিতে সক্রিয় ভূমিকা নেওয়া জরুরি। পাশাপাশি ব্রাজিল ও ভারতের মতো দেশগুলোকে বিশ্বব্যবস্থা রক্ষায় এগিয়ে আসতে রাজি করানো প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

এনএন/ ০৮ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language