জাতীয়

চাঁদাবাজরা এখন ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে

কুমিল্লা, ০৮ জানুয়ারি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে। তারা কোনো উপায় না পেয়ে এখন ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে—ফোনে হুমকি দিচ্ছে কেন্দ্র দখল করবে, ভোট দিতে দেবে না।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের ধলাশ গ্রামে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, গুন্ডা-হুন্ডার ভয় দেখানোর রাজনীতি এখন আর চলবে না। মানুষ সচেতন—ঋণখেলাপি ও দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না। যারা নির্বাচিত হয়ে জনগণের হক মেরে খাবে কিংবা গোমতীর মাটি লুট করবে, জনগণ এবার তাদের প্রত্যাখ্যান করবে।

তিনি আরও বলেন, সংস্কার, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ, নিজের ভোট নিজে দেওয়ার অধিকার এবং ভারতীয় গুন্ডামি বন্ধ করতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। এই ‘হ্যাঁ’ ভোটেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে।

শহীদ ওসমান হাদির প্রসঙ্গ টেনে হাসনাত বলেন, তিনি ইনসাফ প্রতিষ্ঠা, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ এবং মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে চেয়েছিলেন। গ্রামে গ্রামে মানুষ আজ তার জন্য দোয়া করছে। শহীদ হাদির রেখে যাওয়া ইনসাফ প্রতিষ্ঠার দায়িত্ব আমরা নিয়েছি এবং তার হত্যার বিচার এই দেশেই নিশ্চিত করেই ঘরে ফিরব।

গুনাইঘর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মো. জসিম উদ্দিন পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. নাঈম বিন মুসাসহ জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এনএন/ ০৮ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language