জাতীয়

এবার কোনো পাতানো নির্বাচন হবে না, সবার জন্য সমান সুযোগ থাকবে

ঢাকা, ০৮ জানুয়ারি – আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং সবাই কমিশনের কাছ থেকে ন্যায়বিচার পাবেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, যাঁরা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আবেদন করেছেন, তাঁদের বিষয়গুলো আইনগত ভিত্তিতেই নিষ্পত্তি করা হবে। নির্বাচন কমিশন স্বচ্ছতায় বিশ্বাসী এবং সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সিইসি আরও জানান, আপিল শুনানির পুরো প্রক্রিয়া হবে অত্যন্ত স্বচ্ছ। প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইন অনুযায়ী সিদ্ধান্ত দেওয়া হবে।

ইসি সূত্র জানায়, বৃহস্পতিবার আপিল আবেদনের চতুর্থ দিন চলছে। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংক্ষুব্ধ আবেদনকারীরা নির্বাচন কমিশনে আসছেন। মনোনয়ন ফিরে পেতে কিংবা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বৈধতার বিরুদ্ধে তারা আপিল আবেদন জমা দিচ্ছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) পর্যন্ত আপিল আবেদন জমা দেওয়া যাবে। আগামী ১০ জানুয়ারি (শনিবার) থেকে আপিল শুনানি শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি (রোববার) পর্যন্ত। গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে।

এনএন/ ০৮ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language