শরীয়তপুর

ককটেল বানাতে গিয়ে ঘরে বিস্ফোরণ, শরীয়তপুরে যুবক নিহত

শরীয়তপুর, ০৮ জানুয়ারি – শরীয়তপুরের জাজিরায় বসতঘরে ককটেল তৈরির সময় বিস্ফোরণে সোহান বেপারী (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহান বেপারী ওই এলাকার দেলোয়ার বেপারীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ভোরে বিকট বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। বিস্ফোরণে টিনের ঘরটির দেয়াল ও চালা উড়ে যায়। ঘর থেকে কিছু দূরে পাশের একটি রসুনক্ষেতে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ গিয়ে সোহান বেপারীর মরদেহ উদ্ধার করে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, ভোরে বোমা বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে রাসায়নিক দ্রব্য ও ককটেল তৈরির বিভিন্ন আলামত পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এনএন/ ০৮ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language