সারাদেশে আজ থেকে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

ঢাকা, ০৮ জানুয়ারি – সারাদেশে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডারের সরবরাহ ও বিপণন কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জারি করা এক নোটিশে সমিতি জানায়, ৮ জানুয়ারি থেকে তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশের সব এলপিজি বিপণন ও সরবরাহ কার্যক্রম স্থগিত থাকবে। পাশাপাশি সব কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রমও বন্ধ রাখা হবে।
এর আগে একই দিন জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে এলপিজি ব্যবসায়ীরা তাদের দাবি তুলে ধরেন। তারা জানান, ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ করা হবে। পরে সেই হুমকির পরিপ্রেক্ষিতেই সন্ধ্যায় আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সমিতির নেতারা বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করতে হবে। পাশাপাশি প্রশাসনের মাধ্যমে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধের দাবিও জানান তারা। এসব দাবি পূরণ না হওয়ায় সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনএন/ ০৮ জানুয়ারি ২০২৬









