রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা

ঢাকা, ০৮ জানুয়ারি – রাজধানীর তেজগাঁওয়ে দুর্বৃত্তদের গুলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির নিহত হয়েছেন। একই ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে তেজতুরী বাজার এলাকায় স্টার কাবাবের পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে। আহত মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্টার কাবাবের পাশের গলিতে দুইজনকে গুলি করা হয়। এর মধ্যে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বির ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা হঠাৎ গুলি চালায়। এতে মুছাব্বির ও আবু সুফিয়ান মাসুদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা জানান, গুলিবিদ্ধ দুইজনের মধ্যে আজিজুর রহমানকে প্রথমে বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আবু সুফিয়ান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এনএন/ ০৮ জানুয়ারি ২০২৬









