জাতীয়

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন কমনওয়েলথ মহাসচিব

ঢাকা, ০৭ জানুয়ারি – সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কমনওয়েলথের মহাসচিব শির্লি বোচাওয়ে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন। শোকবার্তাটি বুধবার (৭ জানুয়ারি) লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে পৌঁছায়।

শোকবার্তায় কমনওয়েলথ মহাসচিব বলেন, “গভীর দুঃখের সঙ্গে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুসংবাদ পেয়েছি। কমনওয়েলথ পরিবারের পক্ষ থেকে তার পরিবারবর্গের প্রতি এবং রাষ্ট্রীয় শোকের এই সময়ে বাংলাদেশের জনগণের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।”

খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করে শির্লি বোচাওয়ে বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বহু বাধা অতিক্রম করেছেন। তিন দফা প্রধানমন্ত্রিত্ব বাংলাদেশের জনগণের কল্যাণে তার অবিচল অঙ্গীকারের প্রতিফলন।

শোকবার্তায় আরও বলা হয়, খালেদা জিয়ার অবদান বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিসরেও বিস্তৃত। তিনি দক্ষিণ এশিয়া ও সমগ্র কমনওয়েলথজুড়ে নারী নেতৃত্বের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে ভূমিকা রেখে গেছেন।

এনএন/ ০৭ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language