তারেক রহমানই জুলাই আন্দোলনের সমন্বয় করেছেন, দাবি রাশেদ খানের

ঢাকা, ০৭ জানুয়ারি – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাইয়ের গণ-অভ্যুত্থান আন্দোলন সমন্বয় করেছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খান।
বুধবার (৭ জানুয়ারি) গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রাশেদ খান বলেন, “তারেক রহমানের নির্দেশনা মেনেই আমরা আন্দোলন করেছি।” তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের প্রতিটি ধাপে তারেক রহমানের দিকনির্দেশনা ছিল।
এ সময় রাশেদ খান জানান, তারেক রহমান তাকে ঝিনাইদহ-৪ আসনের দায়িত্ব দিয়েছেন। এ বিষয়ে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, বিএনপির তৃণমূল নেতাকর্মীরা তাকে সমর্থন করবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে বিজয়ী করবেন।
তিনি আরও বলেন, “সব মান-অভিমান ভুলে তারেক রহমানের নির্দেশনায় দলের সব নেতাকর্মী আমার পক্ষে কাজ করবেন।”
ঝিনাইদহ-৪ আসনে দলের ঐক্য প্রসঙ্গে রাশেদ খান বলেন, বিএনপির সব নেতাকর্মী তারেক রহমানের সিদ্ধান্ত মেনেই ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবেন। এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও তিনি জানান।
তিনি দৃঢ়ভাবে বলেন, “তারেক রহমানের নির্দেশের বাইরে গিয়ে দলের কেউ ধানের শীষের বিরুদ্ধে দাঁড়াবে না।”
এনএন/ ০৭ জানুয়ারি ২০২৬









