জাতীয়

পক্ষপাতদুষ্ট ডিসি ও এসপিদের সরাতে ইসিকে অনুরোধ জামায়াতের

ঢাকা, ০৭ জানুয়ারি – বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের অভিযোগ করেছেন, রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনরত অনেক জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) পক্ষপাতমূলক আচরণ করছেন এবং একটি রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন। এ কারণে পক্ষপাতদুষ্ট ডিসি ও এসপিদের সরিয়ে দিতে নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ জানিয়েছে জামায়াত।

বুধবার (৭ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, দ্বৈত নাগরিকত্বের বিষয়ে বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত দেওয়া হচ্ছে। কোথাও গ্রহণ করা হচ্ছে, আবার কোথাও বাতিল করা হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, বিএনপির আব্দুল আউয়ালের দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করা হলেও মোফাজ্জল হোসেন কায়কোবাদের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্বের কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

একইভাবে আওয়ামী লীগের আমলের মামলাগুলোতেও দুই রকম সিদ্ধান্ত দেওয়া হয়েছে উল্লেখ করে তাহের বলেন, এসব বিষয় প্রমাণ করে যে রিটার্নিং কর্মকর্তারা দলীয় পক্ষপাত করছেন। তাই যেসব রিটার্নিং কর্মকর্তা ও এসপির রাজনৈতিক আনুগত্য রয়েছে, তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় একজন প্রার্থীকে অতিরিক্ত প্রটোকল দেওয়া হচ্ছে, যা জনগণের মধ্যে বিভ্রান্তিকর বার্তা দিতে পারে। পাশাপাশি একটি দলের পক্ষ থেকে ক্ষমতায় গেলে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণের ঘোষণা দেওয়া হয়েছে, যা নির্বাচনি আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।

জামায়াতের এই নেতা জানান, নির্বাচন পর্যবেক্ষণে সিসিটিভি ব্যবহারের বিষয়টি আলোচনায় এসেছে এবং ইসি জানিয়েছে, ৯০ শতাংশ কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হবে। তিনি বলেন, “একটি দলকে নির্বাসনে রেখে যদি আরেকটি দল একতরফা আচরণ করে, তারাও একই পরিণতির দিকে যাবে। এভাবে চললে দেশে কোনো রাজনৈতিক দলই টিকে থাকবে না।”

তিনি আরও বলেন, এখনই কোনো নির্দিষ্ট ডিসি বা এসপির তালিকা দেওয়া হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে তালিকা দেওয়া হবে। প্রটেকশনের নামে অতিরিক্ত সুবিধা দেওয়ার কারণে সমান মাঠ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় তিনি ভারতের সঙ্গে ফরমাল কোনো যোগাযোগ নেই বলেও মন্তব্য করেন।

এনএন/ ০৭ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language