জাতীয়

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ

হবিগঞ্জ, ০৭ জানুয়ারি – হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী রেজা কিবরিয়ার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি তাকে শোকজ করেছে।

বুধবার (৭ জানুয়ারি) কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ মো. সাইদুর রহমান এ নোটিশ জারি করেন।

অভিযোগে বলা হয়েছে, নির্বাচনী প্রতীক বরাদ্দের আগেই রেজা কিবরিয়া প্রচারণা শুরু করেন। অভিযোগ অনুযায়ী, গত ২ ডিসেম্বর তিনি সমর্থকদের নিয়ে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে এবং পরদিন পাঞ্জারাই বাজারে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করেন।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা জিতু মিয়া সেন্টু ও মোসফিকুজ্জামান চৌধুরী নোমান পৃথকভাবে সহকারী রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দায়ের করেন।

নোটিশে রেজা কিবরিয়াকে আগামী ১৪ জানুয়ারির মধ্যে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে ব্যক্তিগতভাবে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের সমর্থনে চারটি ছবি ও প্রাসঙ্গিক নথিও জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে রেজা কিবরিয়ার ব্যক্তিগত সচিব আজাদ আলী সুমন জানান, নোটিশটি আইনজীবীর কাছে দেওয়া হয়েছে এবং বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

সহকারী রিটার্নিং অফিসার ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, প্রতীক বরাদ্দের আগে প্রচারণার অভিযোগটি যাচাইয়ের জন্য নির্বাচনি তদন্ত ও বিচারিক কমিটির কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৬১ হাজার ২৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৩ হাজার, নারী ভোটার ২ লাখ ২৮ হাজার ২৬৮ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। এ আসনে ১৭৭টি ভোটকেন্দ্রে ৯০৫টি স্থায়ী ও ১৪টি অস্থায়ী কেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।

এনএন/ ০৭ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language