ক্রিকেট

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

ঢাকা, ০৭ জানুয়ারি – বর্তমান পরিস্থিতিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ অনড় রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আশা প্রকাশ করেন, এই অবস্থান আইসিসিকে বোঝাতে বাংলাদেশ সক্ষম হবে।

বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে এ বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি এ কথা জানান। বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসিফ নজরুল বলেন, ‘আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা এবং দেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপস করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, বিশ্বকাপ খেলতে চাই। আরেকটি আয়োজক দেশ শ্রীলংকা—সেখানে আমরা খেলতে প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়। কেন আমরা এই অবস্থানে আছি, সেটি আইসিসিকে আমরা বোঝাতে পারব বলে আশা করি। আইসিসি আমাদের যুক্তিগুলো নিরপেক্ষভাবে বিবেচনা করে কষ্ট করে অর্জিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার সুযোগ নিশ্চিত করবে।’

উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে খেলার সূচি রয়েছে বাংলাদেশের। তবে সাম্প্রতিক সময়ে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া ইস্যুতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হওয়ায় ম্যাচগুলো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে ভারতের ভেন্যু থেকে নিজেদের ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধ আইসিসিকে জানিয়েছে বিসিবি। এ বিষয়ে আইসিসি বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগের সুনির্দিষ্ট কারণ জানতে চেয়েছে।

এনএন/ ০৭ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language