জাতীয়

২৯ জানুয়ারি থেকে ঢাকা–করাচি রুটে ফ্লাইট চালু করছে বিমান

ঢাকা, ০৭ জানুয়ারি – আগামী ২৯ জানুয়ারি থেকে পাকিস্তানের করাচি রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (৭ জানুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে ঢাকা–করাচি–ঢাকা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার ঢাকা থেকে রাত ৮টায় ফ্লাইট ছেড়ে করাচিতে পৌঁছাবে স্থানীয় সময় রাত ১১টায়, ফিরতি যাত্রায় করাচি থেকে রাত ১২টায় ছেড়ে ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

বিমান কর্তৃপক্ষ জানায়, নতুন এই রুট চালুর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ হবে। একই সঙ্গে ব্যবসা, পর্যটন ও পারিবারিক ভ্রমণের সুযোগও বাড়বে বলে আশা করা হচ্ছে।

টিকিট বুকিং ও ফ্লাইট–সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিমানের বিক্রয় অফিস, অনুমোদিত ট্রাভেল এজেন্ট, কল সেন্টার (১৩৬৩৬ / +৮৮০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমানের ওয়েবসাইটে যোগাযোগ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, এর একদিন আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১ মার্চ থেকে ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটের ফ্লাইট স্থগিত করার ঘোষণা দেয়। উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রম, দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ এবং উড়োজাহাজ ব্যবহারে দক্ষতা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এনএন/ ০৭ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language