আইন-আদালত

হাদি হত্যা মামলায় আসামি ফয়সালের ৬৫ লাখ টাকার বেশি অর্থ ফ্রিজ

ঢাকা, ০৭ জানুয়ারি – ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাবের ৬৫ লাখ ৫০ হাজার ২৪৬ টাকা অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৭ জানুয়ারি) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর আবেদনের পর ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

সিআইডির উপ-পরিদর্শক আব্দুল লতিফ আবেদনে জানান, ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে। প্রাথমিক অনুসন্ধানে খুন, সন্ত্রাস ও সন্ত্রাসী কার্যক্রমে অর্থ জোগানের সংশ্লিষ্টতার ইঙ্গিত মিলেছে, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতাভুক্ত। অভিযোগ নিষ্পত্তির আগে অর্থ বেহাতের আশঙ্কায় হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

এদিকে, হাদি হত্যা মামলায় ফয়সাল ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পিসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে গোয়েন্দা পুলিশ। তাদের মধ্যে ১১ জন গ্রেপ্তার, বাকিরা পলাতক।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর মতিঝিলে নির্বাচনী প্রচারণা শেষে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে পল্টনের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহীদের গুলিতে গুরুতর আহত হন হাদি। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে তার মৃত্যু হয়।

এনএন/ ০৭ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language