জাতীয়

ওসমান হাদি হত্যাকাণ্ডে পুরো রাষ্ট্রযন্ত্র জড়িত, এই চার্জশিট মানি না

ঢাকা, ০৭ জানুয়ারি – ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে পুরো রাষ্ট্রযন্ত্র জড়িত। যেসব অভিযোগপত্রে প্রকৃত দায়ীদের নাম নেই, সেসব ‘কাগুজে চার্জশিট’ তারা মানেন না।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৮টার দিকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শেষে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাবের বলেন, শহীদ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার কথা বলেছেন এবং আমাদের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে গেছেন। শত্রুর সঙ্গে সুশীল ভাষায় মোকাবিলা করা যায় না—এমন মন্তব্য করে তিনি বলেন, “কুকুরের সঙ্গে লড়তে হলে মুগুর দিয়েই লড়তে হবে।”

সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, হাদির হত্যার বিচার নিশ্চিতে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। “এই সুশীলরাই বাংলার স্বাধীনতা দিল্লির কাছে বিক্রি করেছে”—এমন অভিযোগও করেন তিনি।

সদস্য সচিব আরও বলেন, সরকার যদি শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে এর পরিণতি কী হবে—তা জনগণই ঠিক করবে। “জনগণ রক্ত দেবে, আর আপনারা সুশীলগিরি করবেন—এটা হবে না,” বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে জাবের বলেন, হাদির হত্যাকাণ্ডে এখন পর্যন্ত কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে—তা জনসমক্ষে জানাতে হবে।

আগামী বুধবার (৭ জানুয়ারি) নতুন কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়ে তিনি বলেন, সেই কর্মসূচিতে ‘সুশীলতা’ চলবে না। প্রয়োজনে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনারের মন্তব্যের সমালোচনা করে জাবের বলেন, হাদি হত্যাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলা অগ্রহণযোগ্য। “এই কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সিইসি জনগণের সামনে ক্ষমা না চাওয়া পর্যন্ত ইসির বিরুদ্ধে কর্মসূচি চলবে,” বলেন তিনি।

এনএন/ ০৭ জানুায়রি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language