কুয়াশার সকাল, দুপুরের দিকে ঢাকায় তাপমাত্রা একটু বাড়ার আভাস

ঢাকা, ০৭ জানুয়ারি – রাজধানী ঢাকায় সকাল থেকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে তাপমাত্রা সামান্য বাড়তে পারে, ফলে দুপুরের দিকে আবহাওয়া তুলনামূলক উষ্ণ অনুভূত হতে পারে।
বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, এমনকি ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
এদিকে, গতকাল রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে দেশজুড়ে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।
এনএন/ ০৭ জানুয়ারি ২০২৬









