মাদুরোর মতো জার্মান চ্যান্সেলরকে ‘তুলে নেওয়ার’ হুমকি মেদভেদেভের

বার্লিন, ০৬ জানুয়ারি – ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র যেভাবে তুলে নিয়ে গেছে, ঠিক সেভাবেই জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসকে তুলে আনার হুমকি দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তার এই বক্তব্যের কড়া নিন্দা জানিয়েছে জার্মান সরকার।
রোববার (৪ জানুয়ারি) মেদভেদেভ বলেন, ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে যেভাবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে, তেমন একটি ‘অপহরণ অভিযান’ বিশ্বের অন্য নেতাদের ক্ষেত্রেও ঘটতে পারে। সম্ভাব্য এমন একটি লক্ষ্য হিসেবে তিনি জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের নাম উল্লেখ করেন।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস মেদভেদেভকে উদ্ধৃত করে জানায়, তিনি বলেছেন, নব্য-নাৎসি ম্যার্ৎসকে অপহরণ করা এই ঘটনাপ্রবাহের কার্নিভালে একটি দারুণ মোড় হতে পারে। বর্তমানে মেদভেদেভ রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
মেদভেদেভ আরও দাবি করেন, এমন পরিস্থিতি অবাস্তব নয়, কারণ জার্মানিতেই তার বিরুদ্ধে মামলা চালানোর মতো ভিত্তি রয়েছে। তার মতে, এতে বিশেষ কোনো ক্ষতি হবে না, বিশেষ করে যখন সাধারণ নাগরিকরা অকারণে ভুগছে।
সোমবার (৫ জানুয়ারি) এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় জার্মান সরকার। বার্লিনে এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র সেবাস্টিয়ান হিলে বলেন, আপনারা যেমনটা ভাবতে পারেন, আমরাও এই বক্তব্যগুলো লক্ষ্য করেছি। একইভাবে আমরা এসব বক্তব্য ও হুমকিকে সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছি।
তিনি বলেন, রাশিয়ার দিক থেকে এ ধরনের হুমকি এলেও জার্মান চ্যান্সেলর সম্পূর্ণভাবে সুরক্ষিত এবং নিরাপদ রয়েছেন।
উল্লেখ্য, শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলায় একটি ‘বিতর্কিত’ সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্র। পরে তাদের নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়, যেখানে বর্তমানে তারা মাদক পাচারসংক্রান্ত অভিযোগে একটি আদালতে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছেন।
এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬









