থাইল্যান্ড থেকে ১ কোটি ৩৫ লাখ লিটার পরিশোধিত সয়াবিন তেল কিনছে সরকার

ঢাকা, ০৬ জানুয়ারি – নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখার জন্য সরকার এক কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী আন্তর্জাতিক সরকারি ক্রয় পদ্ধতিতে এই তেল আমদানি করা হবে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এজেন্ডা থেকে এসব তথ্য জানা গেছে।
এজেন্ডা সূত্রে জানা যায়, আন্তর্জাতিকভাবে সরকারি ক্রয় পদ্ধতিতে এক কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনা হবে, যার মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭৮ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার ১৮৭ টাকা। এতে প্রতি লিটার তেলের দাম পড়বে ১৩১ টাকা ৪৭ পয়সা। এই তেল সরবরাহের জন্য সুপারিশকৃত দরদাতা হচ্ছে থাইল্যান্ডের ক্রপওয়ার্ড কোম্পানি লিমিটেড।
এ বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মূল্যস্ফীতি বাড়ার বিষয়টি সরকার জানে এবং সেটি নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি আরও জানান, প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে দুই ভাগে বিভক্ত করার কাজ সম্পন্ন করা হবে।
আইপিএল প্রসঙ্গে তিনি বলেন, আইপিএল সম্প্রচার বন্ধ হলে অর্থনীতি বা সরকারি ক্রয়ের ওপর কোনো প্রভাব পড়বে না বলে তিনি মনে করেন। এই সমস্যার সূচনা বাংলাদেশ করেনি বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষায়, এমন নয় যে দয়া বা অনুগ্রহ করে মোস্তাফিজকে দলে নেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, মোস্তাফিজ একজন ভালো ও পরিচিত ক্রিকেটার। তার সঙ্গে যা ঘটেছে, তা দুর্ভাগ্যজনক এবং এটি দুই দেশের কারোর জন্যই ভালো হয়নি। তবে এ বিষয়ে বাংলাদেশের প্রতিক্রিয়াকে তিনি যথাযথ বলেও মন্তব্য করেন।
এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬









