ভারতের সঙ্গে চলমান উত্তেজনার কোনো প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না

ঢাকা, ০৬ জানুয়ারি – ভারতের সঙ্গে চলমান উত্তেজনার কোনো প্রভাব দেশের অর্থনীতি ও বাণিজ্যে পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, মোস্তাফিজকে ঘিরে যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক ও অপ্রত্যাশিত। “শুরুটা বাংলাদেশ করেনি। মোস্তাফিজ একজন প্রতিষ্ঠিত ও আন্তর্জাতিক মানের খেলোয়াড়। তাকে কোনো দয়া বা অনুগ্রহ করে নেওয়া হয়নি। হঠাৎ করে তাকে বাদ দেওয়া দুঃখজনক। এটা দুই দেশের কারও জন্যই ভালো নয়।” তবে তিনি স্পষ্ট করেন, এ ঘটনার কারণে ভারত ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
রাজনৈতিকভাবে বিষয়টির কোনো প্রভাব পড়বে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার মনে হয় এখানে আবেগের বিষয় কাজ করেছে। দুই পক্ষই বিষয়টি বিবেচনায় নেবে। আমরা চাই না দুই দেশের সম্পর্ক কোনোভাবে ব্যাহত হোক।”
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মোস্তাফিজ যে একজন সেরা খেলোয়াড়, তা সবাই স্বীকার করে। “বাংলাদেশ যে প্রতিক্রিয়া জানিয়েছে, তা সম্পূর্ণভাবে উপযুক্ত। কেউ যদি এমন কোনো পদক্ষেপ নেয়, তাহলে তার প্রতিক্রিয়াও হবে— এটাই স্বাভাবিক।”
এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, “একটি ক্রিয়ার বিপরীতে প্রতিক্রিয়া থাকেই। তারা আমাদের খেলোয়াড়কে ডেকে নিয়ে পরে প্রত্যাহার করেছে। এর প্রতিবাদে আমরা যে অবস্থান নিয়েছি, সেটিই যথাযথ প্রতিক্রিয়া।” তিনি আরও বলেন, বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের বিষয়টি আলোচনায় এসেছে এবং বাংলাদেশের প্রতিক্রিয়া ভারতীয়দের মধ্যেও ভাবনার সৃষ্টি করেছে। এমনকি ভারতীয় সংসদ সদস্যরাও বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত ঠিক হয়নি।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “যেখান থেকে সমস্যার শুরু হয়েছে, সেখানেই শুভ বুদ্ধির উদয় হবে। আমরা খেলাধুলা চালিয়ে যেতে পারব, পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কও স্বাভাবিক থাকবে।”
এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬









