জাতীয়

শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু

ঢাকা, ০৬ জানুয়ারি – শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চ ঘোষিত চার দফা দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু হয়েছে। এতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শাহবাগের হাদি চত্বর থেকে এই পথযাত্রা শুরু হয়।

‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিটি শাহবাগ থেকে শুরু হয়ে সায়েন্সল্যাব-সিটি কলেজ, মোহাম্মদপুর তিন রাস্তার মোড়, রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর-১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা ও যাত্রাবাড়ী হয়ে সন্ধ্যায় আবার শাহবাগের হাদি চত্বরে এসে শেষ হওয়ার কথা রয়েছে।

কর্মসূচিতে অংশ নেওয়া শরিফুল ইসলাম বলেন, হাদির বিচারের দাবিতে আমরা এখানে এসেছি। হাদির বিচার কেন হবে না, আমরা তা জানতে চাই। এই সরকার কেন বিচার করছে না—এই প্রশ্নের উত্তর চাই।

পথযাত্রা চলাকালে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। স্লোগানগুলোর মধ্যে ছিল— ‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘রক্ত বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘লাল সবুজের পতাকা, ইনকিলাবের পতাকা, হাদি তোমায় দেখা যায়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’।

মার্চ ফর ইনসাফ কর্মসূচিতে ১০টি পিকআপে করে নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

ইনকিলাব মঞ্চের ঘোষিত চার দফা দাবি হলো—

১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনে সহায়তাকারী, পলায়নে সহযোগী ও আশ্রয়দাতাসহ পুরো খুনিচক্রের বিচার আগামী ২৪ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে।

২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।

৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।

৪. সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language