জাতীয়

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো হয়নি বলে মনে করছে জামায়াত

ঢাকা, ০৬ জানুয়ারি – বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অনুকূল পরিবেশ এখনো গড়ে ওঠেনি বলে মনে করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

দলটির অভিযোগ, প্রশাসনের ভেতরে কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন—এমন অভিযোগ বিভিন্ন এলাকা থেকে পাওয়া যাচ্ছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে এখনো প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক নেতা-কর্মীদের হত্যার ঘটনাও ঘটছে।

সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় অভিমত দেওয়া হয় যে, দেশে এখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। প্রশাসনের ভেতরে কিছু সরকারি কর্মকর্তা একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন বলে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন স্থানে প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক নেতা-কর্মীদের হত্যার ঘটনাও ঘটছে।

বৈঠকে বলা হয়, দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে। দেড় হাজার শহীদ ও ত্রিশ হাজারের বেশি আহত ও পঙ্গুত্ববরণকারীর ত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশকে কোনো ষড়যন্ত্র, চক্রান্ত বা কোনো গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেওয়া যাবে না।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে নির্বাচন কমিশন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে, কোনো বিশেষ দলের প্রতি ঝুঁকে না পড়ে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

এছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়নে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশন ও সরকারের কাছে জোর দাবি জানায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language