জাতীয়

এনসিপি থেকে পদত্যাগ করা নেতাদের পত্র এখনো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি

ঢাকা, ০৬ জানুায়রি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, দল থেকে যারা পদত্যাগ করেছেন, তাদের সঙ্গে এখনও আলোচনা চলছে এবং তাদের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি।

গতকাল রোববার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, যারা পদত্যাগ করেছেন, তাদের এই সিদ্ধান্ত আমাদের আহত করেছে। তারা পদত্যাগপত্র জমা দিলেও আমরা এখনো তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করিনি। এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

জাতীয় নির্বাচনের আসন বিন্যাস প্রসঙ্গে তিনি বলেন, আসন বিন্যাস নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দলের আহ্বায়ক আগেই পরিষ্কার করেছেন, এটি কোনো আদর্শিক জোট নয়, বরং একটি নির্বাচনী সমঝোতা।

আসন্ন সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে অংশগ্রহণের সুযোগ না দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে আখতার হোসেন বলেন, যে জাতীয় পার্টি স্বৈরাচার তৈরি করেছে, তারা যেন কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে না পারে। জাতীয় পার্টিকে নির্বাচনে সুযোগ দেওয়া মানে স্বৈরাচারকে পুনর্বাসনের পথ খুলে দেওয়া।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি কর্তৃত্ববাদ সৃষ্টি করেছে এবং সেটিকে বৈধতা দিয়েছে। তাদের সহায়তায় আওয়ামী লীগ বাংলাদেশে হাজার হাজার মানুষ হত্যা করেছে। জাতীয় পার্টি গণহত্যার সহযোগী হিসেবে কাজ করেছে। এমন একটি দলকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া উচিত নয়।

এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language