উত্তর আমেরিকা

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের বাসভবনে হামলা

ওয়াশিংটন, ০৫ জানুয়ারি – মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সিনসিনাটির বাসভবনে সোমবার ভোরে হামলার ঘটনা ঘটে। সম্ভাব্য চুরি ও ভাঙচুরের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী দ্রুত ইস্ট ওয়ালনাট হিলস এলাকায় পৌঁছায়। সেখানে কিছুক্ষণের মধ্যেই একজন সন্দেহভাজনকে আটক করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওহাইওতে অবস্থিত ভ্যান্সের বাসভবনে ভাঙচুরের ঘটনায় একজনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

মার্কিন সিক্রেট সার্ভিস জানায়, ঘটনার সময় ভ্যান্সের পরিবার ওহাইওতে উপস্থিত ছিলেন না।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বাসভবনের জানালাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সিক্রেট সার্ভিসের এক মুখপাত্র জানান, অজ্ঞাতপরিচয় এক প্রাপ্তবয়স্ক পুরুষকে ‘ব্যক্তিগত একটি বাসভবনের বাইরের জানালা ভাঙাসহ ভাঙচুরের’ অভিযোগে আটক করা হয়েছে।

ঘটনাটি রাত দেড়টার কিছু পর ঘটে।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগ্লিয়েলমি বলেন, অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ইউএস সিক্রেট সার্ভিস সিনসিনাটি পুলিশ বিভাগ এবং ইউএস অ্যাটর্নির কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে বিষয়টি পর্যালোচনা করছে।

একজন ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তা সিএনএনকে বলেন, হামলাকারী ভ্যান্স বা তার পরিবারকে লক্ষ্য করে কাজটি করেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে তাদের প্রাথমিক ধারণা, ওই ব্যক্তি ভাইস প্রেসিডেন্টের বাড়ির ভেতরে প্রবেশ করেননি।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিএনএনকে জানান, ঘটনার আগেই ভ্যান্স পরিবার শহর ছেড়ে চলে গিয়েছিলেন।

এনএন/ ০৫ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language