দক্ষিণ আমেরিকা

নিকোলাস মাদুরোর সম্পদ তাৎক্ষণিকভাবে জব্দ করল সুইস সরকার

কারাকাস, ০৫ জানুয়ারি – ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার সহযোগীদের সম্পদ তাৎক্ষণিকভাবে জব্দ করেছে সুইজারল্যান্ড সরকার। সোমবার (৫ জানুয়ারি) বিবিসি এক লাইভ আপডেটে এ তথ্য জানায়।

সুইস সরকার জানিয়েছে, এসব সম্পদ যেন দেশটির বাইরে সরিয়ে নেওয়া না যায়, সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি প্রমাণ হয় যে এসব সম্পদ অবৈধভাবে অর্জন করা হয়েছে, তাহলে সেগুলো ভেনেজুয়েলার জনগণের কাছে ফেরত দেওয়ার চেষ্টা করবে সুইজারল্যান্ড।

২০১৮ সাল থেকেই সুইজারল্যান্ড ভেনেজুয়েলার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে আসছে। এর মধ্যে রয়েছে সম্পদ জব্দের পাশাপাশি ৫৪ জন ব্যক্তির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা।

এদিকে, সুইজারল্যান্ডে নিকোলাস মাদুরোর ঠিক কত ধরনের বা কত পরিমাণ সম্পদ রয়েছে, তা এখনও পরিষ্কার নয়। তবে ২০২১ সালে একটি সুইস পত্রিকায় প্রকাশিত ফাঁস হওয়া কিছু নথির তথ্য অনুযায়ী, সুইস প্রসিকিউটররা প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ থাকা কয়েকটি ব্যাংক হিসাব শনাক্ত করেছিলেন, যেগুলো ভেনেজুয়েলায় সরকারি তহবিল আত্মসাৎয়ের মাধ্যমে অর্জিত হতে পারে বলে ধারণা করা হয়।

এর আগে, গত শুক্রবার রাতে ভেনেজুয়েলায় একটি সামরিক অভিযান চালিয়ে মার্কিন বাহিনী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিয়ে যায়।

অপহরণের ঘটনার পর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন শহর, বন্দর ও গ্রামে থমথমে পরিস্থিতি তৈরি হয়। সে সময় বেশিরভাগ দোকান, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস ও আদালত বন্ধ ছিল। এমন পরিস্থিতির মধ্যে রোববার সকালে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজকে ৯০ দিনের জন্য ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করে।

একই দিন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ টেলিভিশনে ভাষণ দিয়ে জানান, সেনাবাহিনী দেলসি রদ্রিগুয়েজের নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছে এবং তিনি জনগণকে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার আহ্বান জানান।

এনএন/ ০৫ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language