ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ

ঢাকা, ০৫ জানুয়ারি – ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ।
সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দেশগুলোর মধ্যে যেকোনো ধরনের বিরোধ সৃষ্টি হলে তা সমাধানে কূটনীতি ও সংলাপকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত বলে বাংলাদেশ বিশ্বাস করে। একই সঙ্গে জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির প্রতি বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করা হয়।
এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে যুক্তরাষ্ট্র। অভিযোগে বলা হয়, তাদের অবৈধভাবে অপহরণ করে যুক্তরাষ্ট্রের ব্রুকলিন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) মাদুরো ও তার স্ত্রীকে আদালতে হাজির করা হতে পারে বলেও খবরে জানানো হয়েছে।
এনএন/ ০৫ জানুয়ারি ২০২৬









