প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করলেন তাসনিম জারা

ঢাকা, ০৫ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা তাসনিম জারা।
সোমবার (৫ জানুয়ারি) তিনি নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখায় গিয়ে এই আপিল আবেদন জমা দেন।
আবেদন জমা দেওয়ার পর তাসনিম জারা সাংবাদিকদের বলেন, সাধারণ মানুষ চায় তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। সেই জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই তিনি শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাবেন বলে জানান।
মনোনয়ন ফিরে পেতে আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আপিলে জয়ী হয়ে তিনি জনগণের জন্য নির্বাচনের মাঠে নামতে চান।
এর আগে গত ৩ জানুয়ারি ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। সে সময় তাসনিম জারা জানিয়েছিলেন, ভোটারদের স্বাক্ষরে কিছু অসঙ্গতি এবং দুজনের স্বাক্ষর সংক্রান্ত সমস্যার কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
নির্বাচনের তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল করার সুযোগ রয়েছে। সোমবার ৫ জানুয়ারি থেকে শুক্রবার ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে এই আপিল আবেদন জমা দেওয়া যাবে।
উল্লেখ্য, তাসনিম জারা আগে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তিনি দল থেকে পদত্যাগ করেন। পরে তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন।
এনএন/ ০৫ জানুয়ারি ২০২৬









