আজ থেকে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু

ঢাকা, ০৫ জানুয়ারি—আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার যে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের আদেশ দিয়েছেন, তার বিরুদ্ধে আজ ৫ জানুয়ারি থেকে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করা যাবে। আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত যেকোনো প্রার্থী, অথবা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, কিংবা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান, অথবা প্রার্থীর পক্ষ থেকে লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কেউ ইসিতে আপিল দায়ের করতে পারবেন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল দায়েরের জন্য মোট ১০টি বুথ স্থাপন করা হয়েছে।
১ নম্বর বুথে খুলনা অঞ্চলের জেলা—মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা।
২ নম্বর বুথে রাজশাহী অঞ্চলের জেলা—জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা।
৩ নম্বর বুথে রংপুর অঞ্চলের জেলা—পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা।
৪ নম্বর বুথে চট্টগ্রাম অঞ্চলের জেলা—চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান।
৫ নম্বর বুথে কুমিল্লা অঞ্চলের জেলা—ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর।
৬ নম্বর বুথে সিলেট অঞ্চলের জেলা—সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ।
৭ নম্বর বুথে ঢাকা অঞ্চলের জেলা—টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ।
৮ নম্বর বুথে ময়মনসিংহ অঞ্চলের জেলা—জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা।
৯ নম্বর বুথে বরিশাল অঞ্চলের জেলা—বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর।
১০ নম্বর বুথে ফরিদপুর অঞ্চলের জেলা—রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে ইসিতে আপিল করা যাবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, মনোনয়নপত্র বাছাই শেষে রাতে সারা দেশে কতগুলো মনোনয়নপত্র বৈধ হয়েছে এবং কতগুলো বাতিল হয়েছে, সে তথ্য প্রকাশ করা হবে।
ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ কোনো প্রার্থী, বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান, কিংবা প্রার্থীর পক্ষ থেকে লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কেউ আগামী ৫ থেকে ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল দায়ের করতে পারবেন।
আপিল দায়ের করার নিয়মে বলা হয়েছে, মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল করতে হলে কমিশন সচিবালয়ের সচিবের কাছে নির্ধারিত ফরমেটে আবেদন করতে হবে। আপিলের সময় মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণ উল্লেখ করে একটি বিবৃতি এবং ওই আদেশের সত্যায়িত কপি জমা দিতে হবে। আপিল আবেদনের একটি মূল কপিসহ মোট সাতটি কপি দাখিল করতে হবে। আবেদনটি নির্বাচন কমিশনের আপিল গ্রহণ কেন্দ্রের নিজ নিজ অঞ্চলের নির্ধারিত বুথে জমা দিতে হবে এবং তা ৫ থেকে ৯ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে জমা দেওয়া বাধ্যতামূলক।
আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্ত বা রায়ের কপি পেতে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। এই ফরমের নমুনা নির্বাচন কমিশনের আপিল সংক্রান্ত কেন্দ্রীয় বুথ থেকে সংগ্রহ করা যাবে। আপিলকারী নিজে অথবা তার পক্ষে মনোনীত ব্যক্তি আপিলের রায়ের কপি সংগ্রহ করতে পারবেন।
আপিল নিষ্পত্তির বিষয়ে জানানো হয়েছে, মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে যে আপিলগুলো জমা পড়বে, সেগুলো নির্বাচন কমিশন আগামী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে।
এছাড়া নির্বাচন কমিশন জানিয়েছে, সংসদ নির্বাচনে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, তাদের পক্ষে অন্য কেউ এবং সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সবাইকে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ অনুসরণ করতে হবে।
এনএন/ ০৫ জানুয়ারি ২০২৬









