এনইআইআর পদ্ধতি কার্যকর নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকা, ০৪ জানুয়ারি – পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানিয়েছেন, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) পদ্ধতি তিন মাসের জন্য বন্ধ রাখা হবে।
রোববার (৪ জানুয়ারি) মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর তিনি এ তথ্য জানান।
ডিসি মাসুদ বলেন, তিন মাস পর আবার এনইআইআর কার্যকর করা হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে গ্রেপ্তার হওয়া ১১ জনকে ছেড়ে দেওয়া হবে।
তিনি আরও বলেন, এই তিন মাস কোনো ফোন ব্ল্যাকলিস্ট হবে না। চালুর আগে থাকা সব স্টক লট বৈধ থাকবে। এছাড়া উৎপাদনকারীরা ডিস্ট্রিবিউটরদের অতিরিক্ত ৩ থেকে ৪ শতাংশ ছাড় দিবে, যাতে তারা শোরুমের চেয়ে কম দামে ফোন বিক্রি করতে পারেন।
এর আগে মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রতিবাদ করলেও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, এনইআইআর কার্যক্রম বন্ধ করা হবে না।
গত বৃহস্পতিবার এনইআইআর কার্যক্রম উদ্বোধনের সময় একদল ব্যক্তি বিটিআরসি ভবনে ভাঙচুর চালায়। এ বিষয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, হামলার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
এদিকে, এনইআইআর কার্যক্রমের প্রতিবাদে আজ সকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মোবাইল ফোন ব্যবসায়ীরা সড়ক অবরোধ করেন। তারা কর্মসূচিতে এনইআইআর কার্যক্রম বন্ধ করা, পুরোনো (ব্যবহৃত) মোবাইল ফোন আমদানি অনুমোদন, ব্যবসায়ীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে অংশ নেন।
এনএন/ ০৪ জানুয়ারি ২০২৬









